টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিসিকের উদ্যোগে এ প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটোর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক
(প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ সম্ভব। তিনি উদাহরণ হিসেবে স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্পও একসময় বড় শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাভাবিপ্রবির অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


