গাজীপুরের কালিয়াকৈরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য, মসলা ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি প্যাকেটজাত করার অভিযোগে আনিকা ফুড প্রোডাক্টস নামের একটি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় কারখানাটিতে অভিযান চালান গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন।
অভিযানকালে কারখানায় শিশু খাদ্য, মসলা, টেস্টি সল্ট, বিট লবণ, সয়া সস, ভিনেগার, গ্লুকোজসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাত করতে দেখা যায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, কাঁচামালের মেয়াদ থাকা সত্ত্বেও প্যাকেটে মেয়াদ বাড়িয়ে লেখা অনুমোদন ছাড়াই একটি পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া কারখানায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, নকল পণ্যের মোড়ক ও সিল পাওয়া যায়। পণ্যের মান যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থাও ছিল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা পারভিন জানান, এসব অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কারখানাটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতেও কারখানাটির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
শিশু খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরিতে এমন অনিয়মের ঘটনায় স্থানীয় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পড়ুন : ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক


