দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।
সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাত জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন করে নতুন আরও ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে সর্বমোট মোতায়েনের সংখ্যা দাঁড়াচ্ছে ৫৩ প্লাটুন। গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে।
গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যদের মোতায়েন রয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কা থাকায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা। নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার এই অগ্রযাত্রায় জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।
পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর


