সমাজের শিশু ও সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ কাজে যারা নিয়োজিত, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরও তাদের নিজেদের পেশাগত ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মেঘে ঢাকা। প্রকল্পের মেয়াদ শেষে চাকরি নিয়ে অনিশ্চয়তা, কর্মসংস্থানের নিরাপত্তাহীনতা ও যথাযথ মর্যাদা না পাওয়ার অভিযোগ তুলেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) শিক্ষকেরা। প্রকল্পনির্ভর কর্মসূচির পরিবর্তে চাকরির স্থায়ী নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে নেত্রকোনায়।
‘প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই। অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই। অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই’—এমন প্রাণের দাবি সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) নেত্রকোনায় পালিত হয়েছে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শিক্ষকদের কণ্ঠে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনা ও স্থায়ী সমাধানের প্রত্যাশা। জেলা কমিটির উদ্যোগে এদিন দুপুরে জেলা শহরের হোসেনপুর মডেল মসজিদ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি মাওলানা ইখলাস উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিশু। এ ছাড়া জেলা কমিটির নেতা রোকেয়া আক্তার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মাসুদ হোসাইন ও আবুল কাশেম আকন্দ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা আক্ষেপ করে বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। অথচ তাঁদের চাকরির ভবিষ্যৎ ও সুযোগ-সুবিধা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। শিক্ষকদের এই ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রকল্পের পর প্রকল্প চালিয়ে গেলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।
এ পরিস্থিতির অবসানে শিক্ষকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নিশ্চয়তা ও স্থায়ী কাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।
পড়ুন : নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ, বাদ যায়নি শত শত ঘর


