নোয়াখালীতে ২০ শতক জমির টমেটো গাছ কেটে দিল দুর্বৃত্তরা

নোয়াখালী সদর উপজেলায় দরিদ্র এক কৃষকের ২০ শতক জমির টমেটো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের আসন্ন মৌসুমের ফসল উৎপাদন ও আয়ের স্বপ্ন ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. মনির এ ঘটনায় দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার কালাদারাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মনির উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেন। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে গাছগুলোর পরিচর্যা করেন তিনি। ইতোমধ্যে গাছগুলোতে ফুল আসার পাশাপাশি টমেটো ধরতেও শুরু করেছিল। আর কিছুদিনের মধ্যেই ফল সংগ্রহ করে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শনিবার বিকেলে জমিতে গিয়ে সব গাছের গোড়া কাটা অবস্থায় দেখতে পান। এতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কৃষক মনির পশ্চিম চর শুল্লুকিয়া গ্রামের আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য। ঘটনার পর তিনি বিষয়টি সমিতির নেতৃবৃন্দকে জানান। পরে সমিতির সভাপতি মো. বাবুলসহ অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।

সমিতির সভাপতি মো. বাবুল বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন। তাঁর উৎপাদিত ফসল এভাবে নষ্ট করা হলে কষ্টটা অনেক বেশি হয়।

এদিকে ঘটনাটি সদর উপজেলা কৃষি কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন- কৃষিকাজের আয় দিয়েই কৃষক মনিরের সংসার চলে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। সোনাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করতে বলেছেন। পাশাপাশি কৃষককে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন