রবিবার (২২ নভেম্বর) সকালের আকাশটা ছিল মেঘলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছিল। সেই বৃষ্টিও যেন নেভাতে পারছিল না নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারের করিম মার্কেটের পোড়া গন্ধ আর সাতটি পরিবারের বুকভাঙা হাহাকার। কয়েক ঘণ্টা আগেই যে ৭২ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের মার্কেটটিতে ছিল ক্রেতা-বিক্রেতার কোলাহল, দোকানের তাকে সাজানো ছিল জীবন-জীবিকার পুঁজি- ভোরের আলো ফুটতেই সেখানে কেবল কালো ধোঁয়া, দুমড়েমুচড়ে যাওয়া টিন আর ছাইয়ের স্তূপ।
গতকাল শনিবার দিবাগত রাত তখন প্রায় তিনটা ছুঁই ছুঁই। গোটা এলাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই লেলিহান শিখা গ্রাস করে নেয় গিলাচৌকা গ্রামের আ. করিমের মালিকানাধীন করিম মার্কেটকে। কলমাকান্দা ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পৌঁছায় রাত ২টা ৫৫ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং প্রায় এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নিঃস্ব হয়ে পড়েছেন মার্কেটের সাত ব্যবসায়ী।
এক রাতের আগুনে থমকে গেল সাতটি সংসারের চাকাবাজারের মার্কেটটি কেবল কয়েকটি ইট-টিনের ঘর ছিল না, ছিল আশপাশের গ্রামের বেশ কয়েকটি পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রস্তুত করা তালিকা বলছে, আগুনে পুড়ে গেছে চারটি মনোহরী দোকান, একটি বিকাশ ও ফার্মেসি, একটি ওয়ার্কশপ এবং একটি সেলুন।
ক্ষতিগ্রস্তদের দেওয়া তথ্যমতে, তালিকায় সবার ওপরে থাকা গিলাচৌকা গ্রামের মোশাহিদের (৩৫) মনোহরী দোকানেই পুড়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল। একই গ্রামের আরেক ব্যবসায়ী মোশাহিদের (২৫) মনোহরী দোকানে ৭ থেকে ৮ লাখ টাকার পণ্য পুড়ে ছাই হওয়ার পাশাপাশি বাকি ও অন্যান্য হিসাব মিলিয়ে আরও ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শাহিনুরের (৩২) মনোহরী দোকানে ক্ষতির অঙ্ক প্রায় ১০ লাখ টাকা এবং গিলাচৌকার মো. ফারুকের (৩৭) মনোহরী দোকানে পুড়েছে প্রায় ৫ লাখ টাকার মালামাল।
এ ছাড়া গিলাচৌকার মো. রুবেলের বিকাশ ও ফার্মেসি দোকানে প্রায় ২ লাখ টাকা এবং একই সঙ্গে রনির ওষুধের গোডাউনে আরও প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেট মালিক আ. করিমের ছেলে দুল মিয়ার ওয়ার্কশপে পুড়েছে প্রায় ২ লাখ টাকার সরঞ্জাম। পাশাপাশি মধ্যনগর থানার পাতকুড়া গ্রামের বাহাদুরের সেলুনটিও আগুনের গ্রাস থেকে রক্ষা পায়নি।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন হিসাব উঠে এসেছে। কলমাকান্দা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, অগ্নিনির্বাপণের সময় ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতির কথা বলেছিলেন। তবে পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের নথিভুক্ত তালিকায় সাত ক্ষতিগ্রস্তের ক্ষতির বিবরণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যায়। আর মার্কেটের অবকাঠামোসহ সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ঘটনাস্থল পরিদর্শনকালে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার।
দুর্ঘটনার খবর পেয়ে রবিবার বেলা আনুমানিক ১১টার দিকে বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই বিশরপাশা বাজারে ছুটে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ঘটনাস্থলে পৌঁছেই তিনি আবেগাপ্লুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুড়ে যাওয়া প্রতিটি দোকানের ভেতর ঘুরে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ এখানে এসেছি। যারা সব হারালেন, তাদের সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। সবকিছু মিলিয়ে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”
ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরিতে আশার বাণীও শোনান তিনি। বলেন, “স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসনের জন্য রাষ্ট্রীয়ভাবে কী করা যায়, তা আমরা দেখব। ব্যাংক ঋণসহ স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
আগুনের সূত্রপাত কীভাবে হলো- তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে তদন্তের। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনাস্থল ঘুরে দেখে একই দিকে ইঙ্গিত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও। তার পর্যবেক্ষণ, সম্ভবত কোনো দোকানের ফ্রিজ বা বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লেগেছে। এই প্রসঙ্গ ধরেই তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে জরুরি সতর্কবার্তা দেন।
ডেপুটি স্পিকার বলেন, “বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনীয়, কিন্তু বৈদ্যুতিক ওয়্যারিং বা ফ্রিজের মতো যন্ত্রপাতি স্থাপনের সময় আমরা সচেতন থাকি না- কোনোভাবে বাতি জ্বালালেই হলো, এমন মনোভাব রাখি। দুর্ঘটনা ঘটলেই কেবল আমাদের টনক নড়ে। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি “
বিশরপাশা বাজারের পোড়া ভিটেয় দাঁড়িয়ে থাকা সাত ব্যবসায়ীর চোখে এখন কেবলই অনিশ্চয়তার ছাপ। রাষ্ট্রীয় পুনর্বাসনের আশ্বাস আর সাধারণ মানুষের সচেতনতা- এই দুটোই এখন তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর ভরসা এবং ভবিষ্যতের জন্য বড় শিক্ষা।
পড়ুন : চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


