শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাতের আঁধারে একটি কলাবাগানে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বাগানের প্রায় ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন বাগানমালিক। এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
ঘটনাটি ঘটেছে শ্রীবরদী উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামে।
সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ খড়িয়া গ্রামে প্রায় ১৫৫ শতাংশ জমির ওপর কলাবাগান গড়ে তোলেন মো. নুর হোসেন। বাগানটিতে আনুমানিক দুই হাজার কলাগাছ ছিল। দীর্ঘদিনের পরিচর্যা ও শ্রমে গাছগুলোতে কলার ফলনও এসেছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিপুলসংখ্যক কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছ কাটার দৃশ্য দেখতে পান মালিক। এতে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
বাগানমালিক মো. নুর হোসেন ও মো. হাফেজ আলমগীরের পিতা মৃত আ. হালিম মুন্সি। তাঁদের দাবি, বাগানের ফলন আসা কলাগাছসহ প্রায় ৭০০ থেকে ৮০০টি গাছ কেটে ফেলা হয়েছে। অনেক গাছে কলার ছড়াও ছিল। ফলে শুধু গাছের ক্ষতিই নয়, সম্ভাব্য উৎপাদিত কলা বিক্রি করেও যে আয় হতো, তা থেকেও বঞ্চিত হয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত বাগানমালিক মো. নুর হোসেন বলেন, প্রায় ১৫৫ শতাংশ জমিতে আমার কলাবাগান রয়েছে। সেখানে প্রায় দুই হাজার কলাগাছ ছিল। রাতের আঁধারে কে বা কারা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি কলাগাছ কেটে ফেলেছে। সকালে এসে এমন অবস্থা দেখে আমি হতবাক হয়ে যাই। গাছগুলোতে কলার ফলন হয়েছিল। এতে আমার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এদিকে, একটি কলাবাগানে একসঙ্গে এতগুলো ফলন আসা গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কৃষি ও ফল চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এমন ঘটনা আর্থিকভাবে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের পরিচর্যার পর যখন গাছে ফলন আসে, তখন এ ধরনের ক্ষতি একজন কৃষক বা বাগানমালিকের জন্য সহজে কাটিয়ে ওঠা কঠিন।
তবে এ ঘটনায় কারা জড়িত, কী কারণে কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে কিংবা পূর্বশত্রুতার কোনো বিষয় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক।
এই বিষয় জানতে চাইলে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ): মোঃ মিজানুর রহমান ভূঁঞা বলেন, আমরা অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
বাগানমালিকের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
পড়ুন : শেখ হাসিনা ফেরার গুঞ্জন : বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার


