নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের যাত্রীবাহী বাসটি তখন ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক ধরে এগিয়ে চলছে। অন্যান্য আর দশটি সাধারণ যাত্রার মতোই বাসের ভেতরের পরিবেশ ছিল স্বাভাবিক। যাত্রীদের সবার সঙ্গেই প্রয়োজনীয় ব্যাগপত্র। সেই সাধারণ যাত্রীদের ভিড়েই কাঁধে ঝোলানো দুটি সাধারণ ব্যাগের ভেতরে লুকানো ছিল অবৈধ মাদকের চালান, তা হয়তো সহযাত্রীদের কারও কল্পনাতেও ছিল না।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ণ নজর এড়াতে পারেনি সেই ছক। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর (বকুলতলা) এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অপেক্ষায় ছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি আভিযানিক দল। তল্লাশির জন্য ঢাকাগামী বাসটি থামানোর পরপরই ভেতরের দুই যাত্রীর মধ্যে দেখা দেয় অস্বাভাবিক চাঞ্চল্য। পেশাদার সদস্যদের অভিজ্ঞ চোখ সেই সন্দেহজনক গতিবিধি ও আচরণ শনাক্ত করতে এক মুহূর্তও দেরি করেনি।
অভিযানের সফলতার পাশাপাশি আটককৃতদের পরিচয় সামনে আসতেই উঠে এসেছে উদ্বেগজনক সামাজিক বাস্তবতা। আটক দুজনেরই বাড়ি নেত্রকোনা জেলায়। তাদের একজন মো. মামুনুর রশীদ মাহী ওরফে সাগর (২৮), যাকে মাদক কারবারি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তার সঙ্গী অপরজন মাত্র ১৫ বছর বয়সী কিশোর তোফায়েল- আইনের ভাষায় ‘আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর’। যে বয়সে একজন কিশোরের সময় কাটার কথা পাঠ্যবই, খেলার মাঠ আর সুস্থ স্বপ্ন দেখার মধ্য দিয়ে, সেই বয়সে মাদক পাচারের মতো ঝুঁকিপূর্ণ ও অন্ধকার পথে তার জড়িয়ে পড়া সমাজের সচেতন মানুষ, অভিভাবক ও শিক্ষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। মাদক কারবারিরা কীভাবে সাধারণ গণপরিবহন ও কম বয়সীদের ব্যবহার করে নিজেদের জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে, এ ঘটনা যেন তারই নীরব ইঙ্গিত।
তাৎক্ষণিকভাবে ওই দুই যাত্রীকে আটক করা হয়। এরপর উপস্থিত সাক্ষীদের সামনেই খোলা হয় তাদের হেফাজতে থাকা দুটি কাঁধ ব্যাগ। নিজেদের দেখানো ও বের করে দেওয়া মতে ব্যাগ দুটি তল্লাশি করতেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বদলে বেরিয়ে আসে ১৩ বোতল বিদেশি মদ। সেই সঙ্গে তাদের কাছ থেকে জব্দ করা হয় দুটি মোবাইল ফোন এবং নগদ ৪২০ টাকা। সাধারণ যাত্রীবাহী গণপরিবহনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীমুখী মাদক পাচারের চেষ্টা এভাবেই মাঝপথে থেমে যায়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সহকারী পরিচালকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে ‘বাংলাদেশ আমার অহংকার’- এই চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় পরিচালিত এ অভিযানে আটক মাদক কারবারি ও আইনের সাথে সংঘাতে জড়িত কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : প্রেমিকের হুমকির চিরকুট, বোমাসদৃশ বস্তু ঘিরে গাংনীর নবীনপুরে চাঞ্চল্য


