নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটভর্তি একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
ট্রাকচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা। সোমবার ভোর ৪টার দিকে গন্তব্যে পৌঁছে স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে ঘুমিয়ে পড়েন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে ঝুট নিয়ে ভোর ৪টার দিকে তাঁরা এখানে পৌঁছান। ট্রাক পার্কিং করে ঘুমিয়ে পড়েছিলেন। পরে আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। অন্য চালকদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে চলন্ত অবস্থায় পার্কিং করা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার জানান, তাঁদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে ঝুট আনা হয়েছিল। এর মধ্যে একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে তাঁদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকে ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, জালকুড়ি এলাকায় টহলরত অবস্থায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কারা কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এসআরবি-১১-এর একটি টহল দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে দুজনের আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার তথ্য পেয়েছে। তবে এটি পরিকল্পিত নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পড়ুন : বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত


