গাজীপুরের কালিয়াকৈরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে রোববার (২৩ নভেম্বর) শফিপুরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে দেশি-বিদেশি ১২টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের আসরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ১২টি দল অংশ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্টটি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা। বড় অঙ্কের এই প্রাইজমানিকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিনের খেলায় স্থানীয় দর্শকদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটপ্রেমীদের সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।
টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল জানান, টেপবল ক্রিকেটকে আরও জনপ্রিয় করা দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের একসঙ্গে খেলার সুযোগ তৈরি হলে স্থানীয় পর্যায়ের ক্রিকেটাররা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আয়োজকরা জানান, শুধু বিনোদন নয়, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং আন্তর্জাতিক পর্যায়ে টেপবল ক্রিকেটের পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ১০ লাখ টাকার প্রাইজমানির এ টেপবল বিপিএল কালিয়াকৈরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পথ সুগম করবে।
পড়ুন : বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন, বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত


