তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হচ্ছে আজ। অথচ এত বছরেও আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও রয়ে গেছে অপূর্ণ। এরইমধ্যে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনের নিচে বসবাস করছেন কয়েকজন আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেয়া হলেও অধিকার আদায়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
২০১২ সালের ২৪ নভেম্বর। দিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যা নামতেই নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় বহু প্রাণ। বদলে যায় হাজারো শ্রমিকের জীবন।
সেই অগ্নিকাণ্ডের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন আহত শ্রমিকেরা। তাদের কয়েকজন গত বছরের ২৪ ডিসেম্বর থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনের নিচে বসবাস করছেন। নিরাপদ আশ্রয়, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন তারা।
তবে প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলেন, বাধ্য হয়ে বাসাভাড়া দেয়ার সামর্থ্য না থাকায় তারা এখানে এসে অবস্থান করছেন। প্রায় এক বছর ধরে এভাবে দিন কাটছে। ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ চান তারা। এমনকি হতাশা থেকে জীবন শেষ করে দেয়ার কথাও ভাবছেন কেউ কেউ। আত্মহত্যা করলেও মরদেহ গ্রহণ করার মতো কেউ পাশে নেই।
আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যেসব শ্রমিক পঙ্গুত্ব বরণ করেছেন এবং স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাই।
সরকারি হিসাবে, তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কয়েক শ শ্রমিক।
পড়ুন : গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের


