সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে আবারও সফল অভিযান চালিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ মৌচোষা বিওপি কর্তৃক বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৪৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।
পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা


