নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী ফনকুলের মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং ফুলহরের মেসার্স এএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : শ্রীপুরে ফের মহাসড়ক অবরোধ, ধাওয়া দিয়ে সরিয়ে দিল প্রশাসন


