নরসিংদীর শিবপুর উপজেলায় একটি সরকারি স্থাপনা উদ্বোধনের নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশাপাশি তাঁর স্ত্রীরও নাম থাকায় সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে ওই স্থাপনা উদ্বোধন না করে অন্য কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শিবপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দ হওয়া প্রথম গাড়িটি দীর্ঘ দিন ধরে উপজেলা কমপ্লেক্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্মারক হিসেবে গাড়িটি যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। এ জন্য টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়। আজ দুপুরে স্থাপনাটি উদ্বোধন ও আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আসেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান।
উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।
এদিকে সকালে টিনশেড স্থাপনা উদ্বোধনের ওই নামফলকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া ও নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহানের নামের পাশাপাশি বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সোনিয়া হালিমের নাম থাকায় সমালোচনা শুরু হয়। পরে স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য কর্মসূচিগুলোতে অংশ নেন বিভাগীয় কমিশনার। এর মধ্যে ছিল ভিক্ষাবৃত্তি করা একজনকে মুদিদোকান উপহার, ১৫ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন বলেন, ‘ভুলক্রমে বিভাগীয় কমিশনার স্যারের স্ত্রীর নাম নামফলকে ছিল। অন্য জায়গায় নামটি ব্যবহারের কথা থাকলেও নামফলক তৈরির দায়িত্বে থাকা কর্মচারী, সেখানেও নামটি রেখে দেন। এটি অবশ্যই অনিচ্ছাকৃত ছিল, তা আমাদের চোখে পড়েনি। ওই নামফলক সরিয়ে ফেলা হয়েছে।’
ফারজানা ইয়াসমিন আরও বলেন, ‘গাড়িটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ঐতিহ্য বিবেচনায় সংরক্ষণের স্বার্থে আমরা গাড়িটি রং করিয়ে একটি শেডের নিচে প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলাম; কিন্তু নামের ভুলে ঘটনাটি এত দূর পৌঁছাবে বুঝতে পারিনি।’
পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা


