অগ্রহায়ণের শীতল রাত নামার সঙ্গে সঙ্গেই সীমান্তবর্তী জনপদে নেমে আসে নীরবতা। তবে সেই নীরবতার আড়ালেই ওত পেতে থাকে মাদক ও চোরাচালান চক্রের গোপন তৎপরতা। সাধারণ মানুষের ঘুম ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ঠিক তখনই আরও সজাগ হয়ে ওঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতারই ফল মিলল মঙ্গলবার রাতে।
নেত্রকোনা ও ময়মনসিংহের সীমান্তবর্তী দুটি এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই সীমান্ত এলাকায় তৎপর ছিল বিজিবির আভিযানিক দল। প্রথম সফলতা আসে রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির অধীন পাঁচগাঁও বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) সদস্যরা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই সোয়া দুই ঘণ্টার মাথায় আরও বড় চালানের সন্ধান পায় বিজিবি। রাত আনুমানিক ১০টার দিকে একই ব্যাটালিয়নের মুন্সিপাড়া বিওপির সদস্যরা অভিযান চালান ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায়। সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে প্রায় চারশো গজ বাংলাদেশের ভেতরে গিলাগড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২৬৭ বোতল ভারতীয় মদ।
পাঁচগাঁও ও মুন্সিপাড়া বিওপির পৃথক দুটি অভিযানে জব্দ হওয়া ২৮১ বোতল ভারতীয় মদের বাজার বা সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ ২১ হাজার ৫০০ টাকা। দুটি চালানই মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্যই মাদক আজ বড় উদ্বেগের কারণ। সীমান্ত পথ দিয়ে অবৈধ মাদকের অনুপ্রবেশ ঠেকানো গেলে রক্ষা পায় অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্ম। এই বাস্তবতায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতের পৃথক দুটি অভিযানও সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
আটক হওয়া ২৮১ বোতল ভারতীয় মদ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
পড়ুন : খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা


