সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার সভাপতি মেহেদী হাসান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোর ৪ টায় তাকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করে পাবনা জেলার ফরিদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে তিনি সিরাজগঞ্জে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের সয়াধানগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
পড়ুন : মেহেরপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১


