ভাঙা সড়ক, স্পিড ব্রেকার ও ড্রেজার পাইপে গতি হারাচ্ছে বন্দর

প্রায় ৫৪.৩৯ বর্গকিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জের বন্দর উপজেলা। শীতলক্ষ্যা নদী, গুরুত্বপূর্ণ নদীবন্দর, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের কারণে জাতীয় অর্থনীতিতে রয়েছে এ জনপদের গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ সড়ক যোগাযোগব্যবস্থার বেহাল দশা আর অপরিকল্পিত গতিরোধকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে এখানকার স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বন্দর ঘাট থেকে কলাগাছিয়া বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কে দেখা গেছে ৬০টিরও বেশি গতিরোধক। অথচ উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেএক্সের আগে পেছনে এই একটিও। শুধু এই সড়কেই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কেও রয়েছে একই চিত্র। কোথাও ভাঙাচোরা রাস্তা, কোথাও কাদাপানি, আবার কোথাও সড়কের ওপর ড্রেজারের পাইপ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চালক, রোগী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

সড়কের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি সেবাদানকারীরা। ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ছে, তেমনি পুলিশের জরুরি অভিযান ও অ্যাম্বুলেন্সে সংকটাপন্ন রোগী পরিবহনেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।

এ নিয়ে বিভিন্ন সময়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আপত্তি জানিয়েছেন বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান। তাঁর বক্তব্য অনুযায়ী, সড়কের প্রতিবন্ধকতা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনও সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, ভাঙাচোরা সড়কের কারণে থানা থেকে মদনপুর এলাকায় যেতেই অনেক সময় ঘণ্টা পেরিয়ে যায়। ৯৯৯-এর জরুরি কল পাওয়ার পরও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। এতে অপরাধী গ্রেপ্তারসহ পুলিশের জরুরি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু পার হয়ে চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ডভ্যান চালক শাফিকুল জানান, সড়কের বেহাল অবস্থায় জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানোও সম্ভব হচ্ছে না।

ধামগড় এলাকার রিকশাচালক হাসান আলী বলেন, তাঁর এলাকায় ভাঙা রাস্তা, কাদাপানি ও অপরিকল্পিত স্পিড ব্রেকারের কারণে ঠিকমতো ভাড়া মারতে পারেন না। দৈনিক উপার্জনের বড় একটি অংশই গাড়ির গ্যারেজ ভাড়ায় চলে যায়।

সড়কের এই দুর্ভোগের প্রভাব পড়ছে চিকিৎসাসেবাতেও। বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান জানান, ভাঙা রাস্তা ও গতিরোধকের কারণে অনেক রোগী হাসপাতালে আসতেও অনীহা প্রকাশ করেন। এমনকি ডাক্তাররা ও সময়মত হাসপাতালে পৌঁছাতে পারে না৷ গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করতেও অনেক সময় লেগে যায়।

অ্যাম্বুলেন্স চালক হাশেম কবিরের অভিজ্ঞতা আরও উদ্বেগজনক। তিনি বলেন, সংকটাপন্ন রোগী নিয়ে এই সড়ক দিয়ে যেতে যেতে অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। গাড়ির অতিরিক্ত ঝাঁকুনিতে রোগীদের কষ্ট বেড়ে যায়।

সমাজবিজ্ঞানী ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি মনে করেন, বন্দরের সড়ক যোগাযোগব্যবস্থার অন্যতম সংকট বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব। দ্রুত সংস্কার, মেরামত ও জবাবদিহিতার ঘাটতির কারণে বঞ্চিত হচ্ছে এই জনপদ। তাঁর মতে, ড্রেজারের পাইপ স্থাপনের ক্ষেত্রে নিয়মনীতি মানা হচ্ছে না। উপজেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশনের পর্যাপ্ত তদারকিও নেই। রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলে আসছে।

তিনি আরও বলেন, অপরিকল্পিত গতিরোধক স্থাপন সড়ক ব্যবস্থাপনার একটি বড় সমস্যা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় সাইনবোর্ডসহ পরিকল্পিত গতিরোধক স্থাপন করতে হবে। অন্যথায় দুর্ঘটনা ও জনদুর্ভোগের ঝুঁকি থেকেই যাবে।

সব মিলিয়ে বন্দর উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থা এখন শুধু যান চলাচলের সমস্যা নয়, বরং অর্থনীতি, জননিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার জন্যও বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ, পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা এবং নিয়মিত সংস্কারই পারে এই জনপদের চলাচলে গতি ফিরিয়ে আনতে।

বিজ্ঞাপন

পড়ুন : ফুলছড়ির চরাঞ্চলে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন