জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবাধে প্রবেশ করছে মাদক, ভারতীয় গরু ও প্রসাধনী পণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানেও থামছে না চোরাচালান। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ পণ্য ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। এতে মাদকের ভয়াবহ বিস্তারে হুমকির মুখে পড়ছে যুবসমাজ। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকসহ সচেতন মহলের মানুষ। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা ভারতের সীমান্তঘেঁষা। এ ছাড়া জেলার উত্তরে কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী এবং পূর্বে শেরপুরের শ্রীবরদী উপজেলা অবস্থিত। এসব উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান চলছে বলে অভিযোগ রয়েছে।
এর মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। ধানুয়া কামালপুর স্থলবন্দর, লাউচাপড়া বিনোদনকেন্দ্র ও সাধু আন্দ্রে ধর্মপল্লী থাকায় এ উপজেলার বিশেষ পরিচিতি রয়েছে। তবে সীমান্তবর্তী হওয়ায় উপজেলাটিতে মাদকের বিস্তার ও চোরাচালান নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদকের পাশাপাশি ভারতীয় গরু ও প্রসাধনী পণ্য পাচারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাত হলেই বকশীগঞ্জ ও শ্রীবরদীর ভারতঘেঁষা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া, দিঘলকোনা, টিলাপাড়া, সোমনাথপাড়া, লাউচাপড়া এবং শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকা দিয়ে প্রায়ই মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করছে। কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে নিয়মিত ভারতীয় গরু ও প্রসাধনী পণ্যও আনা হচ্ছে।
বিশেষ করে বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভারতীয় প্রসাধনী পণ্য বকশীগঞ্জের বিভিন্ন রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য, বকশীগঞ্জসহ আশপাশের সীমান্ত এলাকাগুলো মাদক, গরু ও প্রসাধনী পণ্য পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাঁদের দাবি, এসব সীমান্ত দিয়ে প্রতিদিন কোটি টাকার অবৈধ পণ্য বেচাকেনা ও পাচার হয়ে থাকে।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য সাড়ে ১৬ লাখ টাকা। এর কয়েক দিন আগে একই এলাকা থেকে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ছাড়া ভারতীয় গরু পাচারের সময় আটটি গরু জব্দ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ভারতীয় প্রসাধনী পণ্যও বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে জব্দ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লাউচাপড়া এলাকার এক বাসিন্দা জানান, রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা চলে। সুযোগ বুঝে তারা রাতভর মাদক, গরু ও প্রসাধনী পণ্য বাংলাদেশে নিয়ে আসে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদক জব্দ করা হলেও চোরাচালান নিয়ন্ত্রণে আসছে না। তাঁর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় একটি চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।
গত ২৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্তে চোরাচালান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সাম্প্রতিক সময়ে মাদকের ভয়াবহতা ও চোরাচালান বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।
সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান বন্ধে পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সীমান্তে চোরাচালান বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্তে বিজিবি কাজ করছে। পাশাপাশি পুলিশও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। মাদকের ভয়াবহতা রোধে আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদক, গরু ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পড়ুন : শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


