গাজীপুরের শ্রীপুরে পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় মৃত্যুর দুই বছর পর কাউন্সিলর ও ইউপি সদস্যকে আসামি করা হয়েছে।
গত ২৪ নভেম্বর এ মামলাটি দায়ের করেন শ্রীপুর থানার কর্মরত পুলিশ উপপরিদর্শক এসআই মো. মোশাররফ হোসেন।
মামলার আসামি মৃত ব্যক্তিরা হলেন- শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো. আলী আজগর। তিনি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মামলার ৯১ নাম্বার আসামি ও উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মো. ইদ্রিস আলী। তিনি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মামলার ১০৪ নাম্বার আসামি।
মামলার এজাহার সূত্রে জানাযায়- গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মীরা সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতংক সৃষ্টি করে। এঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে প্রথম আসামী করে ১১১ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, আসলে এ মামলায় এখানে অনেকেই আসামি আছে বিষয়টি নজরে এসেছে, তদন্ত করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ


