নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও দুই আসামি পলাতক ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দরের শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। একপর্যায়ে রাজু ও সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী ও মামলার বাদী মাকছুদা। ন্যায়বিচারের দাবিতে তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
পড়ুন : সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন


