সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাটির চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সুফিয়া ব্রিকস নামের অবৈধ ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন এবং ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেন।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
অভিযানে জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর


