নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাইটেক স্টীল মিলস ও আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর


