সারাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মশাল মিছিল করেছে তারাব পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি তারাব পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, “দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমরা রাজপথে আছি। যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করা হবে না।
পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী


