নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে চারঘাটে গেটকা প্রকল্পের প্রচারাভিযান অনুষ্ঠিত ।
রাজশাহীর চারঘাট উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে এক ব্যাপক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ডাসকো ফাউন্ডেশনের Gender Equality Transforms Climate Action (GETCA) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারাভিযান উপলক্ষে চারঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা এবং চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এবারের প্রচারাভিযানের মূল প্রতিপাদ্য ছিল, “নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মোঃ আফজাল হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া গেটকা প্রকল্পের রাজশাহী জেলার সমন্বয়কারী মদন দাস, তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার প্রকল্প সমন্বয়কারী ও কর্মীরা, উপজেলা যুবদলের সদস্যবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের নারী-পুরুষকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেককে এমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন আমাদের কারও মাধ্যমে কোনো নারী সহিংসতার শিকার না হন।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী ও তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি।
এলক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রচারাভিযানে নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নারী ও তরুণদের সচেতন, সংগঠিত এবং সক্রিয় করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী


