নীলফামারীর সৈয়দপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আদালতের রায়ের কাগজপত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক পক্ষের লোকজন। এতে ওই পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর পৌরসভার কাজীপাড়া ইদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া ইদগাহ মাঠসংলগ্ন ১০ শতক জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা হয়। আহতদের স্বজনদের দাবি, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় তাদের পক্ষে এসেছে।
আহত পক্ষের স্বজনদের অভিযোগ, আদালতের রায়ের কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তাদের পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের দাবি, আদালতের রায় পাওয়ার পরও নিজেদের জমিতে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন। অন্যদিকে অপর পক্ষের, মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমির মালিক তারা। প্রতিপক্ষের লোকজনই বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের পরিবারের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী


