রাজধানীর পল্লবীর পর এবার বাড্ডা একলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে উত্তর বাড্ডা এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্ত। ওই সময় মুহূর্তেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে একই দিন সন্ধ্যার পর রাজধানীর মিরপুর-১১ নম্বরে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাসটি পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাসে আগুন দেয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কিছু জানা যায়নি।
পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর


