পোশাক শ্রমিকদের জন্য সরকারের বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে চাল বিক্রির পরিধি বাড়ানো হয়েছে। গত দুই শুক্রবার ১০টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হলেও আজ শুক্রবার থেকে ১৫টি ট্রাকে চাল বিক্রি শুরু হয়েছে। এতে প্রতি শুক্রবার সাড়ে ৭ হাজার পোশাক শ্রমিক ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল কেনার সুযোগ পাচ্ছেন।
কর্মসূচি অনুযায়ী, একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ ১৫টি স্থানে এসব ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে প্রতি শুক্রবার।
শুক্রবার সকাল থেকেই নির্ধারিত স্থানগুলোতে ওএমএসের চাল সংগ্রহ করতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে কম দামে চাল পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বাজারে চালসহ নিত্যপণ্যের দাম বেশি থাকায় সরকারের এ উদ্যোগ তাদের জন্য সহায়ক হচ্ছে। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে বিক্রির ব্যবস্থা করা হলে তারা আরও বেশি উপকৃত হতেন।
শ্রমিকদের দাবি, শুধু চাল নয়, সংসারের অন্যান্য প্রয়োজনীয় পণ্যও সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ নিশ্চিত করা হোক।
পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার


