ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। শুক্রবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। ফ্যাসিবাদের সমর্থক ও সংশ্লিষ্টদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা শেখ হাসিনার মৃত্যু হয়েছে বলে দাবি করে বলেন, তাঁকে যেন ভারতেই দাফন করা হয়।
পড়ুন : কসবায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


