নানা প্রতিকূলতা ও লোকসানের চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিল। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুরু হয়েছে মিলটির ৬৯তম মাড়াই কার্যক্রম।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে মৌসুমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সভাপতিত্ব উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু এবং করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও আখ চাষিরা।
মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৮৬ দিনে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ৭ শতাংশ চিনি আহরণের হার (রিকভারি) অর্জন করা সম্ভব হলে উৎপাদিত হবে প্রায় ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি। গত মৌসুমে ৮৪ হাজার ৯৪৫ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৩২ শতাংশ রিকভারি হারে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল মিলটি।
গতবারের তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করা হলেও চিনি আহরণের হার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ কাঁচামালের পরিমাণের চেয়ে উৎপাদন দক্ষতা ও প্রক্রিয়াগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে তুলনামূলক কম আখ মাড়াই করেও গত মৌসুমের কাছাকাছি পরিমাণ চিনি উৎপাদন সম্ভব হবে।
এদিকে আখচাষিদের আগ্রহ বাড়াতে চলতি মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়ানো হয়েছে। আগে প্রতি কুইন্টাল আখের দাম ছিল ৬২৫ টাকা, এবার তা নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আখের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সময়মতো আখ সংগ্রহ এবং কৃষকের পাওনা দ্রুত পরিশোধ করা সম্ভব হলে আখ চাষে নতুন করে আগ্রহ বাড়বে। এতে ভবিষ্যতে মিলের কাঁচামাল সরবরাহও শক্তিশালী হবে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিল দীর্ঘদিন ধরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষি, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মিলটিকে লোকসানের বৃত্ত থেকে বের করে প্রথমে আয়-ব্যয়ের সমতা বা ব্রেক-ইভেন পর্যায়ে এবং পরবর্তী সময়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই এখন কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।
তবে সেই লক্ষ্য অর্জনে শুধু উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়; আখের মান নিশ্চিত করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, যন্ত্রপাতির কার্যকারিতা বজায় রাখা এবং চাষিদের সঙ্গে কার্যকর সমন্বয়ও জরুরি। নতুন মৌসুমে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হলে জিল বাংলা সুগার মিলের ঘুরে দাঁড়ানোর পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না : ঝিনাইদহে আইনমন্ত্রী


