লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বংশী বাজারে খাল খনন ও যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী রমজান আলী রাজু। তাঁর উদ্যোগে নির্মিত বংশী বাজার মারহাবা সুপার মার্কেট উদ্বোধনের মধ্য দিয়ে নতুন করে ব্যবসা শুরুর সুযোগ পেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, সরকারি উদ্যোগে খাল খনন এবং বাজারের যানজট নিরসনে ফুটপাত ও খালের ওপর নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনেক ব্যবসায়ী অনিশ্চয়তায় পড়েন। তাঁদের পুনর্বাসন ও স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করে মার্কেটটি নির্মাণ করেন প্রবাসী রমজান আলী রাজু।
নতুন এই মার্কেটে একই ছাদের নিচে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা। এখানে রয়েছে কাঁচাবাজার, পোশাক, দর্জির দোকান, প্রসাধনী, মুদিপণ্য, মুঠোফোন মেরামত, খাবারের দোকান, কফি শপ ও ফুচকাসহ নানা আয়োজন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকান উচ্ছেদের পর তাঁরা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ছিলেন। প্রবাসী রমজান আলীর উদ্যোগে নতুন মার্কেট নির্মিত হওয়ায় তাঁরা আবারও ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। এতে তাঁদের জীবিকা ফিরে পাওয়ার পাশাপাশি এলাকার মানুষের কেনাকাটাও সহজ হবে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, খালের পাশে আগের জায়গায় এখনো কিছু লোক অবৈধভাবে দোকান বসাচ্ছেন। খালে ময়লা-আবর্জনা ফেলে পানি ও পরিবেশ দূষণ করা হচ্ছে। এসব অবৈধ দোকান উচ্ছেদ এবং দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মার্কেটের উদ্যোক্তা রমজান আলী রাজু বলেন, আমি একজন প্রবাসী। নিজের এলাকার মানুষ, ব্যবসায়ী ও প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করেই এই সুপার মার্কেট নির্মাণ করেছি। এলাকার মানুষ যেন এক জায়গায় প্রয়োজনীয় পণ্য ও সেবা পেতে পারেন, সেটিই আমার মূল উদ্দেশ্য।
বংশী বাজার কমিটির সভাপতি আহসান কবিরাজ বলেন, আগে আমাদের বাজার অনেক দূরে ছিল। এই মার্কেট প্রতিষ্ঠার ফলে এলাকার মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। স্থানীয়দের জন্য এটি একটি ভালো উদ্যোগ।
স্থানীয় বিএনপি নেতা ইমাম হোসেন গাজী বলেন, বংশী বাজারে আগে খালের ওপর ও সরকারি খাসজমিতে অনেকে ব্যবসা করতেন। খাল খননের জন্য দোকানগুলো উচ্ছেদ করার পর ব্যবসায়ীদের কথা চিন্তা করে প্রবাসী রমজান আলী এই সুপার মার্কেট নির্মাণ করেছেন। এর মাধ্যমে তিনি ব্যবসায়ীসহ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, ৮ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, বংশী বাজার কমিটির সভাপতি আহসান কবিরাজ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন দেওয়ানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন : আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


