স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজকের নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি।
রোববার (২৯ নভেম্বর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে একসঙ্গে আন্দোলনে থাকা ১১ দলের শীর্ষ নেতাদের নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে চায় জামায়াত। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তাদের অবস্থানের কথা জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।
এমন একটি সময়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী বছরের প্রথম দিক থেকে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই সংলাপের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা করছে ইসি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সংলাপের বিষয়ে অবস্থান স্পষ্ট করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
পড়ুন : ইসির মতবিনিময় : নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক


