শীতের আগমনী হাওয়ায় তখন গভীর রাত। চারপাশ যখন নিস্তব্ধতায় ঢাকা, ঠিক তখনই দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের অন্ধকার জাল ছিন্ন করতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়ে রাত ১২টা ১ মিনিট ছুঁতেই ময়মনসিংহের ধোবাউড়া এবং নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে শুরু হয় পাঁচটি পৃথক অভিযান। দুই ঘণ্টার তৎপরতায় জালে ধরা পড়ে দীর্ঘদিন ধরে মানবপাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তি।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১০টার দিকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে ৩১ বিজিবির চলমান নিরলস কার্যক্রমের ধারাবাহিকতাতেই এদিন ভোরে এই অভিযানগুলো পরিচালিত হয়।
রবিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২টা পর্যন্ত নেত্রকোন ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপির উদ্যোগে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে চারটি পৃথক যৌথ অভিযান চালানো হয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া এলাকায় পরিচালিত অভিযানগুলোতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিত্ব করতে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
অভিযান চারটিতে চারজন মানবপাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার চারুয়াপাড়া ডাকঘরের গোবরচুনা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রুবেল হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে মো. রুবেল হোসেনের বিরুদ্ধে এর আগেও তিনটি মামলা রয়েছে।
ধোবাউড়ার পাশাপাশি একই রাতে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তেও সক্রিয় ছিল যৌথ বাহিনী। রবিবার রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগতকুড়া এলাকা থেকে আটক করা হয় মো. হারুন মিয়া (৪২) নামে আরেক মানবপাচারকারীকে। তিনি দুর্গাপুর থানার রাণীখং ডাকঘরের জগৎকুড়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তার বিরুদ্ধেও পূর্বে তিনটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবির তথ্যমতে, আটক পাঁচ ব্যক্তি কেবল মানবপাচারই নয়, একই সঙ্গে সীমান্তকেন্দ্রিক চোরাচালানের সঙ্গেও সরাসরি জড়িত। অভিযান শেষে চারুয়াপাড়া বিওপির অভিযানে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির অভিযানে আটক একজনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবাসীর নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বাহিনীর অবস্থান স্পষ্ট করে লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ করতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পড়ুন : ইসির মতবিনিময় : নিবন্ধিত ১৮ রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক


