রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে শিশু, বয়স্ক মুসল্লি, শিক্ষার্থী এবং রাতের বেলায় কর্মস্থল থেকে ফেরা শ্রমজীবী ও কর্মজীবী নারীরা প্রতিনিয়ত কুকুরের তাড়া ও আক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রাণিকল্যাণ আইন মেনে মানবিক ও বৈজ্ঞানিক উপায়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’।
গত ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বরাবর সোসাইটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত স্বাক্ষরিত ওই আবেদনে এলাকার বর্তমান চিত্র ও সমাধানের রূপরেখা তুলে ধরা হয়েছে।
আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে আবাসিক এলাকা
আবেদনে উল্লেখ করা হয়, একসময়ের শান্ত ও বসবাসযোগ্য নিকুঞ্জ ও টানপাড়া এলাকা এখন বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নিকুঞ্জের প্রধান সড়কসহ টানপাড়ার জামতলা, পশ্চিমপাড়া ও পুরাতন বাজারসংলগ্ন অলিগলিতে দলবদ্ধ কুকুরের হিংস্র আচরণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ভয়ে স্কুলগামী শিশুরা ঘর থেকে বের হতে পারছে না এবং অভিভাবকরা সবসময় জলাতঙ্ক ও জীবনহানির আশঙ্কায় থাকছেন।


এলাকাবাসী ও বিশিষ্টজনদের বক্তব্য
ভুক্তভোগী হিসেবে এলাকার স্থায়ী বাসিন্দা ও শিক্ষাব্যক্তিত্ব এটিএম জসীমউদ্দীন এ প্রতিনিধিকে জানান, সাম্প্রতিক সময়ে কুকুরের অবাধ বংশবিস্তার ও উপদ্রবে এলাকাবাসী রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছেন। ভোরে ফজরের নামাজে যাওয়া প্রবীণ মুসল্লি থেকে শুরু করে স্কুলগামী কোমলমতি শিশু এবং সাধারণ পথচারীরা সবসময় এক অজানা আতঙ্কের মধ্যে চলাচল করেন।
তিনি আরও বলেন, “আমরা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বা নিধন সমর্থন করি না। তবে মানুষের নিরাপদে চলাচলের মৌলিক অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে। প্রতিবেশী দেশ ভারত ও ভুটানসহ উন্নত বিশ্বে কুকুর নিধন না করে আধুনিক ‘ক্যাচ-নিউটার-ভ্যাকসিনেট-রিটার্ন’ (সিএনভিআর) পদ্ধতি এবং সুনির্দিষ্ট আশ্রয়কেন্দ্রের মাধ্যমে সফলভাবে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে।
আমাদের সিটি কর্পোরেশনও যদি দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞানসম্মত উপায়ে বন্ধ্যাকরণ, শতভাগ জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান এবং হিংস্র কুকুরগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের উদ্যোগ নেয়, তবে প্রাণী ও মানুষ উভয়েরই কল্যাণ নিশ্চিত হবে।”
বিষয়টির আইনি ও নাগরিক অধিকারের দিক তুলে ধরে এলাকার আরেক বাসিন্দা অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ বলেন, “প্রাণিকল্যাণ আইন-২০১৯ অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিধন দণ্ডনীয় অপরাধ, যার প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। তবে সংবিধান ও প্রচলিত আইনে নাগরিকদের নিরাপদ চলাচল ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করাও স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। আইনের ভেতরে থেকেই হিংস্র ও অতিরিক্ত কুকুরগুলোকে স্থানান্তর এবং ব্যাপক বন্ধ্যাকরণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। নাগরিক দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ জরুরি।”
নিধন নয়, মানবিক ও বিজ্ঞানসম্মত সমাধানের প্রস্তাব
প্রচলিত আইন ও প্রাণিকল্যাণ নীতিমালার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সোসাইটির নেতৃবৃন্দ জানান, তারা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা চান না, বরং মানুষের নিরাপদে বেঁচে থাকার মৌলিক অধিকারটুকু নিশ্চিত করতে চান। উন্নত বিশ্বের আধুনিক ব্যবস্থাপনার আদলে সিটি কর্পোরেশনের কাছে ৫টি গঠনমূলক প্রস্তাব পেশ করা হয়েছে—
১. কুকুরের সংখ্যা হ্রাস ও স্থানান্তর: অতিরিক্ত এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হিংস্র কুকুরগুলোকে আইনসম্মত ও মানবিক উপায়ে জনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে উপযুক্ত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা।
২. ব্যাপক বন্ধ্যাকরণ কর্মসূচি (সিএনভিআর): কুকুরের লাগামহীন বংশবৃদ্ধি রোধে বিশেষ মেডিকেল টিম পাঠিয়ে এলাকায় ব্যাপকহারে বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনা করা।
৩. সরেজমিন জরিপ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ: এলাকায় কুকুরের প্রকৃত সংখ্যা নিরূপণ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলগুলোকে ঝুঁকিমুক্ত রাখা।
৪. জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান: এলাকায় থাকা শতভাগ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকার (ভ্যাকসিন) আওতায় এনে এলাকাবাসীকে সুরক্ষিত রাখা।
৫. জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ: অনাকাঙ্ক্ষিতভাবে কেউ কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের সাথে জরুরি সমন্বয় স্থাপন করা।
সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
জনদুর্ভোগ লাঘবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠপর্যায়ের যেকোনো কার্যক্রমে ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র স্বেচ্ছাসেবকরা সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবেন বলে আবেদনে আশ্বাস দেওয়া হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, কোনো বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটার আগেই কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ও মানবিক পদক্ষেপ গ্রহণ করবে।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


