মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৯২ বোতল আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সিরাপসহ লিখন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৯ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার দারিয়াপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার মো. ফাহাদুজ্জামান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল অভিযান চালিয়ে লিখন মিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৪৯ বোতল অ্যাপকোরস ও ৪৩ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিখন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


