কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও মিছিল করেছেন তাঁরা। অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সকাল ১২টার দিকে সীতাকুণ্ড উত্তর বাজার থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সীতাকুণ্ড বাজার প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গতকাল রাত ১১টার দিকে উপজেলার বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ও ভাটিয়ারীসহ বিভিন্ন ইউনিয়নে মহাসড়কের পাশে অবস্থান নিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এ সময় তাঁরা খণ্ড খণ্ড মিছিল বের করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে থাকেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে তাঁরা সতর্ক রয়েছেন। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি করতে না পারে, সেদিকে নেতাকর্মীরা নজর রাখছেন।
এদিকে, গতকাল সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও টহল জোরদার করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যদের টহল দিতে দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


