উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রতিদিনই কমছে দিন ও রাতের তাপমাত্রা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে আগে ভাগেই। হিমালয় পর্বতমালার কাছাকাছি হওয়ায় প্রতিবছর এ জেলায় শীতের তীব্রতাও বেশি অনুভূত হয়। এবারও নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আগাম বার্তা মিলছে।
জেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়তে শুরু করছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্ব। ভোরে চারপাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে আসায় সড়কে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে যানবাহন। দেরিতে সূর্যের দেখা মেলায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
যানবাহন চালকেরা জানান, রাত থেকে কুয়াশা থাকলেও ভোরের দিকে তা আরও ঘন হয়ে আসে। এতে সড়কে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চালাতে হচ্ছে।
অন্যদিকে শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। সকালে কাজে বের হতে দেরি হওয়ায় অনেকের দৈনিক আয় কমে যাচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯ টায় ১১ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বাড়ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে।
পড়ুন : নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে যৌথ অভিযানে ৫ মানবপাচারকারী আটক


