দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট, থানার মোড়, ইন্দ্রপুল বাইপাস ও কমলমুন্সির হাট এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। পরে কমলমুন্সির হাটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কৃষিঋণ ও সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের উন্নয়নে সরকার একটি মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের এ সময়ে পতিত শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাঁর অনুসারীদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে আমরা মনে করি। তবে তারেক রহমানের সৈনিক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকতে এ ধরনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
পটিয়া প্রসঙ্গে তিনি বলেন, পটিয়া একটি শান্তিপূর্ণ উপজেলা। এ উপজেলায় যারা অশান্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি পটিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) উদ্দেশে বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রশীদ দৌলতী, বিএনপি নেতা কলিম উল্লাহ চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, নাছির উদ্দীন, জিল্লুর রহমান, হাজী আবুল বশর সওদাগর, নুরুল আমিন মধু, আবদুল করিম, ফরিদুল আলম, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সাজ্জাদ, আকতারুজ্জামান, জাগির মেম্বার, শাহ আলম, সোহেল সওদাগর, এম এ কাদের, দিদারুল ইসলাম, ডা. আবদুল জলিল, যুবদল নেতা আমানত উল্লাহ বাচ্চা, রাশেদুল আলম, মীর সরওয়ার, এম এ রুবেল, ছাত্রদল নেতা ইব্রাহিম মির্জা, জিয়াউর রহমান, মোহাম্মদ কামাল, কানুন ফারুকী, আবদুর রহিম, আমিনুল ইসলাম ও আবদুল মাবুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ


