চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সরকারি রাস্তা মাটি ভরাট ও নেট জাল দিয়ে ঘিরে রেখে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলার কসবা ইউনিয়নের কসবা মৌজার বাসিন্দা মোঃ মিকাইল (পিতা: মোঃ মাইনুল হক) প্রতিকার চেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কসবা মৌজার (জে.এল- ১৯) ০১ নং খতিয়ানভুক্ত ২৯৩ নং দাগের সরকারি রাস্তা দিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। সম্প্রতি একই এলাকার মোঃ তকবির ও মোঃ রশিদ উক্ত রাস্তায় মাটি ভরাট করে এবং নেট জাল দিয়ে ঘেরাও দিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে অভিযোগকারী মোঃ মিকাইলসহ স্থানীয় আরও তিনটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা সরকারি রাস্তার পাশাপাশি অভিযোগকারীর ব্যক্তিগত ভোগদখলীয় (আর.এস ১৩ নং খতিয়ানের ১৬৪ ও ১৬৫ নং দাগ) জমিতেও অবৈধভাবে বেড়া দিয়ে দখলের চেষ্টা করছেন। এতে বাধা দিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুরের পাড়ে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণেরও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মোঃ মিকাইল জানান, এর আগে বিষয়টি সমাধানের জন্য তিনি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে তিনি জেলা প্রশাসকের শরণাপন্ন হয়েছেন।
জনস্বার্থে এবং অবরুদ্ধ পরিবারগুলোর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সরকারি রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায় গত (১৫ এপ্রিল) ২০২২ সালে উপজেলা নির্বাহী অফিসার সরকারি বেদখলিও জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গাটি দখলমুক্ত করা হয়। কিন্তু বর্তমানে কয়েকজন ভূমিদস্যু অসাধুচক্র জায়গাটি আবার পুনরায় দখল নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে অভিযুক্ত তকবির আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এগুলো সম্পূর্ণ খাস জমি, আমরা আমাদের বাপ-দাদার আমল থেকে এভাবেই ভোগদখল করে আসছি। যেটুকু জায়গায় বেড়া দেওয়া হয়েছে, সেটি সরকারি খতিয়ানভুক্ত খাস জমি। এ বিষয়ে চেয়ারম্যানসহ সবাই জানেন এবং ইউনিয়ন পরিষদে দুই-তিনবার বসাও হয়েছে। আমরা তাদের চলাচলের মতো রাস্তা রেখেই বেড়া দিয়েছি।”
পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ


