ভারতের উত্তর সিকিমের চুংথাং-মুনশিতাং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গিয়েছে পর্যটকবাহী একটি গাড়ি। গাড়িটিতে ১০ জন পর্যটক ও একজন চালক ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে ১ জনকে মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জন এখনও নিখোঁজ।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের দুই শহর চুংতাং ও মুনশিতাংয়ের মাঝামাঝি এলাকায় ঘটেছে এই ঘটনা। আহত দুইজনকে চুংতাংয়ের একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল। সেই সময় চুংথাংয়ের কাছে পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে চালক ব্যতীয় বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী, তিব্বতের সীমান্ত পুলিশ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে। তবে বর্ষণ ও নদীর প্রমত্ত ভাবের কারণে তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেছেন সোনাম ডেচু ভুটিয়া।
এনএ/


