মার্কিন যুক্তরাষ্ট্রের আপিল আদালত ঘোষণা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ বিশ্বব্যাপী সাময়িকভাবে বহাল থাকবে। ফেডারেল আদালতের স্থগিতাদেশের পর আপিলের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালত জানিয়েছে, সরকারের আপিল বিবেচনা করতে নিম্ন আদালতের রায় স্থগিত করা হয়েছে। মামলার বাদীদের ৫ জুনের মধ্যে এবং প্রশাসনকে ৯ জুনের মধ্যে জবাব দিতে হবে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, শুল্ক নীতিতে তারা কোনো পরিবর্তন আনবে না। উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রয়োজনে বিকল্প পথ খোঁজার কথা বলেছেন। প্রেস সচিব ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, আদালতের এই লড়াইয়ে হোয়াইট হাউজ জয়ী হবে।
এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের আদালত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক স্থগিত করেছিল। তিন বিচারকের রায়ে বলা হয়, জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে।
তবে ট্রাম্প প্রশাসন আপিল করার পর বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করেছে আপিল আদালত। যদিও আদালত জানিয়েছে, এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
উল্লেখ্য, মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য, যারা দাবি করেছে যে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
এনএ/


