ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘটনায় উত্তর ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা নিশ্চিত করার প্রায় এক ঘণ্টা পর উত্তর ইসরায়েলে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
আইডিএফের ঘোষণার পর উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। এছাড়া বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই ঘোষণার কিছুক্ষণ পরই ইরান থেকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহু গত রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং মোসাদের প্রধানসহ তার মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা করে রিপোর্ট করেছেন যে, ইসরাইল অপারেশন রাইজিং লায়ন-এর সমস্ত উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্রেই ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশের উপর পূর্ণ বিমান নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইরানের সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন কেন্দ্রীয় ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
অভিযানের উদ্দেশ্য অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে বলেও জানানো হয়।
পড়ুন: যুদ্ধবিরতির আগে ইরানের আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৯
এস


