যানজট ও জনভোগান্তি নিরসনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা ও মুদাফফরগঞ্জ বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বুধবার (২০ আগস্ট) সকালে শুরু হওয়া দিনব্যাপী অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় সাড়ে তিনশত স্থাপনা ভেঙে দেওয়া হয়। এর মধ্যে বিজরা বাজার এবং মুদাফফরগঞ্জ বাজারে দুই শতাধিক স্থাপনা ছিল।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেঙে ফেলা হয় সড়কের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন মার্কেট, পাকা ভবন ও ভাসমান দোকানপাট। দখলমুক্ত করা হয় ফুটপাত ও যান চলাচলের রাস্তা।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
সওজ কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব স্থাপনা মহাসড়কের জায়গা দখল করে রাখায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। এতে প্রতিদিনই তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, এ উচ্ছেদ অভিযানের ফলে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের নিত্য যানজট অনেকটাই কমবে। একইসঙ্গে ভবিষ্যতে পুনরায় দখল যেন না হয় সে ব্যাপারেও নজরদারি অব্যাহত থাকবে।
পড়ুন: সেতু নির্মাণের দাবিতে নরসিংদী জেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান
দেখুন: পাকিস্তানে ‘সিঁদুর অভিযান’ চালিয়ে সঙ্কটে ভারত |
ইম/


