বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমাদের জন্য আমরা, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ- বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনা সহযাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।
তাই, দ্রুত সময়ে সড়কটি চারলেনে উন্নীত করা সহ বাঁক অপসারণের দাবী জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

