বিজ্ঞাপন

বিশ্বকাপের ভেন্যু বদল নিয়ে ট্রাম্পের হুমকির কঠোর জবাব দিলো ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টের আয়োজক শহর নির্ধারণে কোনো রাষ্ট্রনেতার হস্তক্ষেপের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সংস্থাটি।

ফিফার সহসভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি সাফ জানালেন,‘এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্তও নেবে ফিফাই।’ প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের যেসব শহর তার অভিবাসন ও অপরাধবিরোধী নীতির বিরোধিতা করছে, সেসব স্থানকে তিনি ‘অসুরক্ষিত’ ঘোষণা করে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে পারেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন,‘যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা সেখান থেকে ম্যাচ সরিয়ে নেব। অলিম্পিকের ক্ষেত্রেও একই।’

তবে মন্তাগলিয়ানি লন্ডনে এক ক্রীড়া ব্যবসা সম্মেলনে ট্রাম্পের মন্তব্যকে হালকা করে দিয়ে বলেন,‘ফুটবল কোনো সরকারের শাসনামল বা স্লোগানের চেয়ে অনেক বড়। এ খেলার সৌন্দর্য—এটা ব্যক্তি বা দেশ নয়, সবার ঊর্ধ্বে।’ ২০২২ সালে অনুমোদিত আয়োজক পরিকল্পনা অনুযায়ী, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহর, কানাডার ২টি ও মেক্সিকোর ৩টি শহরের সঙ্গে ফিফার চুক্তি চূড়ান্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপের মাত্র আট মাস আগে ভেন্যু পরিবর্তন করা কার্যত অসম্ভব। কারণ আয়োজক শহরগুলো এরই মধ্যে নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত খাতে শত শত কোটি ডলার বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ। ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। ইনফান্তিনো নিয়মিতই হোয়াইট হাউস সফর করলেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বিজ্ঞাপন

পড়ুন :বিশ্বকাপের টিকিটের জন্য প্রথম ধাপেই ৪৫ লাখ আবেদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন