অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হতে পারে ২-৩ বছর বা তার কম। এমন মতামত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা। আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে সম্পাদকরা এ মত দেন।
এ সময় সম্পাদকরা জানান, তাদের দাবী গণমাধ্যমের কালা কানুনগুলো বাতিল করা হোক।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে কী করা উচিৎ কীভাবে স্বৈরাচার শেখ হাসিনার আমলের সংকটগেুলো সামাল দেয়া যায় তা নিয়ে বিভিন্ন রাজনৈতিকদল ও অংশীদারদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।
এরই ধারাবাহিকতায় আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দেশের সংবাদ পত্রগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। ঘন্টাখানেকের বৈঠক শেষে ডেইলিস্টার সম্পাদক জানান আলোচনার বিষয়বস্তু নিয়ে।
তিনি বলেন, তাদের দাবী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কালাকানুন যেন বাতিল করা হয়। এবং তাতে সায় দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। জানান, সম্পাদক পরিষদের নেতারা এই সরকারের মেয়াদ কত দিন হওয়া উচিৎ তা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পর নির্বাচনী রোডম্যাপ ও সরকারের যৌক্তিক মেয়াদ কতদিন হওয়া উচিৎ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।


