ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, জাহানারা চাইলে সরকারি পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
বিসিবি ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। মন্ত্রণালয়ও সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ তোলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।
যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।
এই বিষয়ে বিসিবির সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন উত্তর পায়নি।


