হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান, সুন্দরটিলা ও গাঢ়োটিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল বিওপির একটি টহলদল আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায়। এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।
আটক উজ্জল বাড়াই চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের পুরান লাইনের বাসিন্দা। তিনি মৃত বালক বাড়াইয়ের ছেলে।
এদিকে, একই দিন দুপুর ১২টার দিকে সাতছড়ি বিওপির টহলদল সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পরে সন্ধ্যা ৬টার দিকে একই বিওপির আরেকটি অভিযানে গাঢ়োটিলা এলাকা থেকে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন : রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির নতুন কমিটি গঠন


