কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে এবং জোসনা আকতার রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শুটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কাজ করার জন্য ইলিয়াস ও তার স্ত্রী ওই এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। ছোট শিশু আব্দুল্লাহকে দেখাশোনার সুবিধার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনা তাদের সঙ্গে ছিল।
শনিবার সকালে পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত আব্দুল্লাহ পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে জোসনাও পানিতে নামে। পরে দু’জনই ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুকুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- মেহেরপুরের গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


