বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এ দেশের হিন্দু সম্প্রদায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করে না। বিগত নির্বাচনে ধানের শীষে বিপুল ভোট দিয়ে তারা প্রমাণ করেছেন যে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী এবং নিজেদের মতামত প্রকাশের স্বাধীন অধিকার রাখেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয় মাঠ এবং বেলা ১২টায় মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, আমরাও আপনাদেরই মানুষ।”
পূজা উপলক্ষে সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব আনন্দমুখর করতে নির্বাহী আদেশে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। এছাড়া সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা, প্রধানমন্ত্রীর তহবিল থেকে বস্ত্র বিতরণ এবং বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে সহায়তার হাত বাড়ানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে জানান, “বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দল ও জোটের কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১-দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিলেও বিরোধী দল হিসেবে তারা দায়িত্বহীন আচরণ করছে। জামায়াতের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “তারা মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধনি দেয়। এমন দ্বি-মুখী অভিনয় তারা সবসময় করে। ইতোমধ্যেই এমন অভিনেতাদের জনগণ প্রত্যাখান করেছে।” মাত্র ছয় মাসের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বিএনপি সরকারকে গঠনমূলক আলোচনার মাধ্যমে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
বর্তমান সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কাজ করে আগামী পাঁচ বছর পর তারা আবার জনগণের কাছে ভোট চাইবেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু ও নয়ন চন্দ্র।
অনুষ্ঠান শেষে দুপুর ১২:৩০ মিনিটে প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় অংশগ্রহণের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন।
পড়ুন : দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ
সা/


