মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের হাসাইল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই উপজেলার কামারখাড়া ইউনিয়নের মালিগাঁও গ্রামের মৃত দুলাল মৃধার দুই ছেলে তানজিল ও তানভীরের নেতৃত্বে একদল লোক আওয়ামী লীগ কার্যালয়টি ভাঙচুর করে। তারা দাবি করে, কার্যালয়টি তাদের জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এ অভিযোগে তারা জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালায়।
খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ভাঙচুরকারীরা স্থান ত্যাগ করে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত তানজিল বলেন, অবৈধভাবে আমাদের জমি দখল করে আওয়ামী লীগের স্থানীয় নেতারা এই কার্যালয় নির্মাণ করেছেন। তাই আমরা আমাদের জমি উদ্ধার করতে এসেছি। প্রশাসনকে জানানোর কি আছে।
হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. জামান এপোলো বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারি জমির মালিকানা দাবি করে একটি পক্ষ ভাঙচুর করছে। আমরা ভাঙচুর থামাই। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হলে আমরা তা মেনে নেব না। যার সত্যিকার মালিকানা আছে, সে আইনগত পথেই সমাধান খুঁজবে।
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি কিছু লোক কার্যালয়টি ভাঙছে। আমি তাদের থামাই এবং জানাই যে জায়গার মালিকানা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন,ঘটনা বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
দেখুন- কড়াইল অ/গ্নি/কা/ন্ডে ক্ষতিগ্রস্তরা দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে |


